
কক্স২৪নিউজ ডেস্ক।
সিলেট টেস্টে ৭৮ রানের দাপুটে জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে শুধু সিরিজই জেতেনি টাইগাররা, গড়েছে একাধিক ইতিহাসও। ঘরের মাঠে এই প্রথম পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করল বাংলাদেশ। একই সঙ্গে টানা দ্বিতীয়বার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কীর্তিও গড়েছে নাজমুল হোসেন শান্তর দল।
সিলেটে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন লিটন দাস ও তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের মধ্যে লিটনের অসাধারণ সেঞ্চুরিতে ২৭৮ রান তোলে বাংলাদেশ। পরে ম্যাচের শেষ ইনিংসে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তাইজুল। বাঁহাতি এই স্পিনার একাই নেন ৬ উইকেট।
এই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও বড় পরিবর্তন এসেছে। আইসিসির হালনাগাদ তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের জয়ের হার ৫৮.৩৩ শতাংশ।
অন্যদিকে, ৯ ম্যাচে ৪ জয়, ৪ হার ও ১ ড্রয়ে ভারতের জয়ের হার এখন ৪৮.১৫ শতাংশ। সেই হিসেবে তারা নেমে গেছে ৬ নম্বরে।
২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি জয়ের পাশাপাশি একটি হার ও একটি ড্র রয়েছে টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় বাংলাদেশের অবস্থানকে আরও শক্ত করেছে।
পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। সাত ম্যাচের ছয়টিতে জয় পাওয়া অজিরা ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচে দুই জয় ও এক ড্র করেছে কিউইরা। ৩ ও ৪ নম্বরে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
সিলেট টেস্টে প্রথম ইনিংসে লিটনের শতকে ২৭৮ রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তোলে ৩৯০ রান। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান। তবে শেষ পর্যন্ত ৩৫৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।