
কক্স২৪ নিউজ ডেস্ক।
মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতা আর পাহাড়ধসের ঝুঁকির মধ্যেও থেমে নেই উপজেলা প্রশাসন, মহেশখালী। আজ সারাদিন ছুটে বেড়িয়েছে শাপলাপুর, কালারমারছড়া এবং কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকায়—শুধু একটি লক্ষ্য নিয়ে, দুর্যোগে আক্রান্ত একজন মানুষও যেন নিজেকে একা মনে না করেন।
জলাবদ্ধ বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে জরুরি স্বাস্থ্যসেবা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত বড়ুয়া তাৎক্ষণিকভাবে অসুস্থ ও ঝুঁকিতে থাকা মানুষদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। দুর্গম এলাকায় চিকিৎসককে পাশে পেয়ে অনেকের মুখেই ফিরে আসে স্বস্তির হাসি।
কালারমারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেওয়া হয়। ক্ষতিগ্রস্তদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় এবং তাদের আশ্বস্ত করা হয়—এই দুর্যোগে উপজেলা প্রশাসন তাদের পাশে ছিল, আছে এবং থাকবে।
মানুষের নিরাপত্তা, চিকিৎসাসেবা ও জরুরি সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, মহেশখালী দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মো. আবু জাফর মজুমদার, সহকারী কমিশনার (ভূমি), মহেশখালী; ডা. সৈকত বড়ুয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা; জনাব সুভ্রোত দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা; জনাব জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং জনাব ওমর ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা।