
কক্স২৪ নিউজ ডেস্ক।
কক্সবাজারের চকরিয়ায় বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহজাহান।
রোববার (১২ জুলাই) সকালে চকরিয়া উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টায় হারবাং হামেদিয়া মাদ্রাসা মাঠে এবং সকাল সাড়ে ১১টায় চকরিয়া পৌরসভার ফুল মাদ্রাসা মাঠে বন্যাদুর্গত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা জামাল হোছাইন নুরী, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দীন আহমদ বাবর, অধ্যাপক আবু নঈম আযাদ, সরওয়ার কামাল, জামায়াত নেতা মাওলানা শেখ আহমদ, জুনাইদ সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।