
কক্স২৪ নিউজ স্পোর্টস ডেস্ক।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তুমুল লড়াই জমিয়ে তুলেছিল মিসর। এমনকি আলবিসেলেস্তেদের টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কাও তৈরি করেছিল তারা। তবে শেষ পর্যন্ত আর সেটি হয়নি। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
এবারের বিশ্বকাপে ‘ফারাও’দের পারফরম্যান্স ছিল নজরকাড়া। টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ করছিল মিসর। আলোচিত-সমালোচিত ম্যাচে হেরে বিদায় নিলেও ফিফা থেকে বড় ধরনের আর্থিক পুরস্কার পাচ্ছে আফ্রিকার দেশটি। ফিফার কাছ থেকে রেকর্ড ১৮.৫ মিলিয়ন মার্কিন ডলার যেতে যাচ্ছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
বিশ্বকাপের এবারের আসরে মিসরের যাত্রা ছিল ইতিহাস গড়ার। নকআউট পর্বে নিজেদের প্রথম জয়টি তারা পেয়েছিল অস্ট্রেলিয়াকে বিদায় করে। টুর্নামেন্টের একক কোনো সংস্করণে এটিই তাদের সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলা।
এছাড়া পুরো টুর্নামেন্টে ৮টি গোল করে তারা নিজেদের সর্বোচ্চ গোল করার নতুন রেকর্ডও গড়েছে। গ্রুপ পর্বে বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডের মতো দলের গ্রুপ থেকে রানার্সআপ হয়ে নকআউটে উঠে আসা মিসর এবারের আসরে দুই জয়, দুই ড্র ও মাত্র একটি হারের পরিসংখ্যান নিয়ে বিশ্বকাপ শেষ করল।
বিশ্বকাপের বর্তমান প্রাইজমানি কাঠামো অনুযায়ী ফিফা থেকে মোটা অঙ্কের অর্থ নিশ্চিত করেছে মিসর। যেখানে টুর্নামেন্টের প্রস্তুতি এবং আনুষঙ্গিক খরচের জন্য পাচ্ছে ২.৫ মিলিয়ন ডলার, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় পেয়েছে ১০ মিলিয়ন ডলার এবং শেষ ষোলোতে (রাউন্ড অব সিক্সটিন) জায়গা করে নেওয়ায় যোগ হয়েছে আরও ৬ মিলিয়ন ডলার।
সব মিলিয়ে এবারের বিশ্বকাপে অংশ নিয়ে মিসরীয় ফেডারেশনের মোট প্রাপ্তি দাঁড়িয়েছে ১৮.৫ মিলিয়ন ডলার বা প্রায় সাড়ে ১৮ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বকাপে নিজেদের ইতিহাসে এটিই কোনো আসর থেকে পাওয়া মিসরের সর্বোচ্চ আর্থিক পুরস্কার।