
কক্স২৪ নিউজ ডেস্ক।
কক্সবাজার শহরে টানা বর্ষণের ফলে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ও নিহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কক্সবাজার শহর। মানবিক সহায়তা হিসেবে জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) কক্সবাজার শহরের সত্তর ঘোনা, লাইট হাউস (পৌর ৭নং ওয়ার্ড) ও কলাতলী বড় ছড়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে জামায়াতের পক্ষ থেকে মোট ৪৭ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে এবং উক্ত পরিবারের এতিমদের মাঝে বিশেষ ৭০০০ টাকা প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, কক্সবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও শহর নায়েবে আমীর শহিদুল আলম বাহাদুর, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, সাবেক মেয়র ও জামায়াত নেতা সরোয়ার কামাল, ১২ নং ওয়ার্ড সভাপতি রফিক উল্লাহ মুকুলসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জামায়াতে ইসলামী সবসময়ই মানুষের বিপদে সর্বোচ্চ সহায়তা নিয়ে এগিয়ে আসার চেষ্টা করে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।