অন্যদিকে, শাহবাগ থানায় শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুব কায়সারকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. মো. মোসাদ্দেক খান, ড. রফিকুল ইসলাম, রেজাউল করিম সোহাগ ও আমজাদ হোসেন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে, শাহবাগ থানায় হাতাহাতিতে জড়ায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত। সাইবার বুলিংয়ের অভিযোগে বৃহস্পতিবার থানায় মামলা করতে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। একই সময়ে সেখানে হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ ঘটনায় দুপক্ষই নিজেদের ওপর হামলার অভিযোগ তোলেন। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।









