
কক্স২৪ নিউজ ডেস্ক।
‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রকৌশলী নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় নগর জামায়াতের কার্যালয় বিআইএ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী এবং ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর সভাপতি ইঞ্জিনিয়ার রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকট উত্তরণে সংবিধান সংস্কার কমিটির অধিবেশন অনতিবিলম্বে আহ্বান করা প্রয়োজন। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা সময়ের দাবি।
তিনি আরও বলেন, জনগণ একটি কার্যকর, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। সরকার যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় এবং জনমতের যথাযথ মূল্যায়ন না করে, তবে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।
অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া বলেন, “ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণের সুস্পষ্ট গণরায়কে উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি।” তিনি বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে ব্যর্থতা দেশকে অনিশ্চয়তা ও অকল্যাণের দিকে ঠেলে দিতে পারে। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা জাতীয় স্বার্থে পেশাজীবী সমাজকে ঐক্যবদ্ধভাবে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং টেকসই রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন, জাতীয় সংকট নিরসন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে প্রকৌশলী সমাজকে আরও দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইয়াছিন, ইঞ্জিনিয়ার কে এম ইসহাক, ইঞ্জিনিয়ার আব্দুল কাদের সিদ্দিকী ইঞ্জিনিয়ার নাজিম ইবনে সৈয়দ, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার এবং ইঞ্জিনিয়ার আবদুল কাদের সিদ্দীকি।
সভায় উপস্থিত প্রকৌশলী নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি, রাষ্ট্র সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে পেশাজীবী সমাজের করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তাঁরা একটি জবাবদিহিমূলক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।