
কক্স২৪ নিউজ স্পোর্টস ডেস্ক।
২০২৬ ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে উন্মাদনা। আর এই উন্মাদনার আঁচ লেগেছে বিনোদন জগতে। প্রিয় দলকে ভালোবেসে শোবিজ তারকাদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে এবার সেই উন্মাদনায় একেবারে নতুন ও ভিন্ন এক মাত্রা যোগ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।
চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে তিনি বেছে নিলেন এক দারুণ অভিনব উপায়, যা মুহূর্তেই নেটদুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা ছবি শেয়ার করেছেন হিমি। সেখানে তাকে চিরাচরিত কোনো জার্সিতে নয়, বরং দেখা গেছে ব্রাজিল ফুটবল দলের ঐতিহ্যবাহী হলুদ, সবুজ ও নীল রঙের মিশেলে তৈরি একটি চমৎকার শাড়িতে। চেনা উৎসবের আমেজ আর প্রাণবন্ত হাসিতে মোড়ানো এই ছবিগুলোতে অভিনেত্রীর নিখাদ ফুটবলপ্রেম যেন মূর্ত হয়ে উঠেছে।

হিমির এই বিশেষ ফটোশুটের ব্যাকগ্রাউন্ড বা পটভূমিও ছিল দেখার মতো। সেখানে শোভা পাচ্ছিল সেলেসাওদের বিশাল এক পতাকা, ফুটবল এবং ফুটবল বিশ্বকাপের চেনা অনুষঙ্গ ভুভুজেলা। পুরো আয়োজনটি এতটাই জমকালো ছিল যে, ছবিগুলো পোস্ট করার পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে এর মধ্যেই নেটিজেনদের একাংশের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকেরই ধারণা, নিখুঁত দেখতে এই ছবিগুলো হয়তো বাস্তবে তোলা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি। যদিও এই গুঞ্জন নিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য মেলেনি।
তবে ছবির চেয়েও নেটজনতাকে বেশি বুঁদ করে রেখেছে পোস্টের ক্যাপশনটি। যেখানে হিমি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে লিখেছেন, ‘এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।’ অভিনেত্রীর এমন চটপটে ভবিষ্যদ্বাণীতে হলুদ শিবিরের সমর্থকরা যেমন উল্লাসে মেতে উঠেছেন, তেমনি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বা অন্য দলের ভক্তরাও কমেন্ট বক্সে মেতেছেন নানামুখী রসালাপে। হেক্সা জয়ের মিশন সামনে রেখে হিমির এই পোস্ট যে ফুটবলপ্রেমীদের আড্ডার টেবিলকে আরও কিছুটা গরম করে দিল, তা বলাই বাহুল্য।