
মোঃ বজলুর রহমান, স্টাফ রিপোর্টার।
স্ট্রেনদেন্ড এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস – সিমস প্রকল্পের উদ্যোগে ১০ জুন ২০২৬ ইং তারিখে ঈদগাঁও উপজেলায় জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়স্ত উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী সম্মেলন কক্ষ নিরাপদ অভিবাসন বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ ওরিয়েন্টেশনের মূল লক্ষ্য ছিল নিরাপদ, নিয়মিত ও দক্ষ অভিবাসন ব্যবস্থাপনা সম্পর্কে অংশীজনদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি করা।
প্রত্যাশী’র সিমস্ প্রকল্পের জেলা সমন্বয়কারী রশিদা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ ওরিয়েন্টেশন। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের স্বাগত জানানো হয় এবং ওরিয়েন্টেশনের উদ্দেশ্য তুলে ধরা হয়। দিনব্যাপী ওরিয়েন্টেশনে প্রকল্প পরিচিতি, অভিবাসন ও শ্রম অভিবাসনের বর্তমান প্রেক্ষাপট, দক্ষতার গুরুত্ব, বিদেশগমন প্রক্রিয়ায় সচেতনতা, অভিবাসন সংক্রান্ত আইন ও নীতিমালা, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ইউডিসি (উদ্যোক্তা) এবং গণমাধ্যম প্রতিনিধিরা নিরাপদ অভিবাসন বিষয়ে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর সমন্বয় ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এই ওরিয়েন্টেশনের মাধ্যমে ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ কিছু পরিকল্পনা গ্রহণ করেন, তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল অভিবাসনের জন্য ইউনিয়ন পরিষদের বাজেট বরাদ্দ, মাইগ্রেশন কর্ণার স্থায়ীকরণ, ভিসা চেকিং, প্রবাসী কল্যাণ সেন্টারের সেবা গ্রহণের সকল ফরম পূরণে সহায়তা প্রদান এবং এর পাশাপাশি স্ব স্ব ইউনিয়নের জনগণকে নিরাপদ অভিবাসন সংক্রান্ত তথ্য প্রদানের উদ্যোগ গ্রহণ করেন।
উল্লেখ্য, সুইজারল্যান্ড দূতাবাস বাংলাদেশ এবং হেলভেটাস বাংলাদেশ-এর সহাতায় আয়োজিত সিমস প্রকল্পের মাধ্যমে অভিবাসী কর্মী ও তাদের পরিবারের জন্য নিরাপদ, নিয়মিত ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে বিভিন্ন জনসচেতনতামূলক, সক্ষমতা বৃদ্ধি এবং সেবা সংযোগমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে কক্সবাজারের ২৮টি ইউনিয়নে।