
কক্স২৪ নিউজ ডেস্ক।
২০২৪-এর গণঅভ্যুত্থান স্মরণে আগামী দুই মাসব্যাপী (জুলাই-আগস্ট) দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠান শাখাকে কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে।
রোববার (২৮ জুন) সংগঠনের দফতর সম্পাদক জুবায়ের হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, জুলাই-আগস্ট ২০২৬ জুড়ে গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং শিক্ষার্থীদের ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, দেশব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা, সকল ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী এবং ‘গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক আলোচনা সভা।
এ ছাড়া গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময়, ‘ইতিহাসের জীবন্ত সাক্ষী’ গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা, আগস্ট মাসব্যাপী দেশের সকল জেলা ও মহানগরে ‘ফ্যাসিবাদবিরোধী’ পদযাত্রা এবং গণঅভ্যুত্থানের সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় সংগঠনের সকল শাখায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
নির্দেশনায় সংগঠনের সব শাখাকে স্থানীয় বাস্তবতা বিবেচনায় কর্মসূচিগুলো যথাযথ মর্যাদা, শৃঙ্খলা ও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কর্মসূচি শেষে ছবি, ভিডিও ও সংক্ষিপ্ত প্রতিবেদন কেন্দ্রীয় দফতরে পাঠানোরও নির্দেশ দেয়া হয়েছে।