
কক্স২৪ নিউজ ডেস্ক।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, জুলাইয়ের খুনি ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা এবং শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার দাবিতে ৫ আগস্ট পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া ১১ দলীয় ঐক্য ঘোষিত কর্মসূচিও বাস্তবায়ন করা হবে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
মঙ্গলবার সংবাদ সম্মেলন ও জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—২ থেকে ৯ জুলাই পর্যন্ত রাজধানীতে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান; ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকার দুই মহানগরের উদ্যোগে আলোচনা সভা; ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান।
এ ছাড়া ১ আগস্ট সারা দেশে গণমিছিল (মহানগর, জেলা/উপজেলা পর্যায়ে), ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে কর্মসূচি পালন এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের উদ্যোগে রাজধানীসহ দেশের জেলা, মহানগর ও উপজেলায় সমাবেশ ও মিছিলে ১১ দলের কর্মসূচির প্রতি সমর্থন ও অংশগ্রহণ করবে জামায়াত।
এ ছাড়া মহিলা বিভাগ, ছাত্র সংগঠন এবং জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের মাধ্যমে গৃহীত কর্মসূচিতে জামায়াত নেতারা অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুম, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আব্দুল হালিম ও অ্যাডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি।