
কক্স২৪ নিউজ ডেস্ক।
কাতারের প্রয়াত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশে অবস্থিত কাতার দূতাবাসে খোলা শোক বইতে স্বাক্ষর করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সারায়া আলী আল-কাহতানি এনসিপি প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এনসিপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসেন সিএফ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ এবং কেন্দ্রীয় সংগঠক সাদিয়া ফারজানা দীনা।
শোক বইতে স্বাক্ষর শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানির দূরদর্শী নেতৃত্ব কাতারকে মধ্যপ্রাচ্যের একটি ছোট রাষ্ট্র থেকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ও সমৃদ্ধ অর্থনীতির দেশে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বাংলাদেশের সঙ্গে কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তিনি কাতারের সরকার, রাজপরিবার এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান এবং আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও বাংলাদেশ ও কাতারের মধ্যকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।