
কক্স২৪নিউজ ডেস্ক।
আজ ( ২৭ এপ্রিল) বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের হাইকমিশনার জনাব জলিল রহিমি জাহানাবাদি। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকার মোহাম্মদপুরস্থ আমীরে মজলিসের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আমিরি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, আমীরে মজলিসের পররাষ্ট্র বিষয়ক সচিব ফারিদ খান।
সাক্ষাৎকালে ইরানে চলমান আমেরিকা-ইসরাইল আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। আমীরে মজলিস ইরানে পরিচালিত সাম্প্রতিক সময়ের ইসরাইল-আমেরিকান আগ্রাসনকে উম্মাহর বিরুদ্ধে কুফরি শক্তির আক্রমণ বলে অভিহিত করেন এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন।
এ সময় আমীরে মজলিস হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশী তেলবাহী জাহাজ চলাচলে ইরানকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান। ইরানের হাইকমিশনার বিষয়টিকে গুরুত্বের সাথে সমাধানের চেষ্টা চালাবেন এবং এ বিষয়ে তার দেশে ইতিবাচক বার্তা প্রেরণ করবেন বলে আশ্বাস দেন। সেই সাথে ইরান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।