
কক্স২৪ নিউজ স্পোর্টস ডেস্ক।
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে জায়গা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। বুধবার গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান নির্ধারণী লড়াইয়ে কানাডাকে ২-১ গোলে হারিয়েছে তারা। ইতিহাস গড়েছে কানাডাও।
গ্রুপের রানার্সআপ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে কানাডা। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে সুইজারল্যান্ড। আর একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কানাডা।
এবারের আগে দু’বার বিশ্বকাপে অংশ নিয়ে ছয় ম্যাচের সবকটি হেরেছিল কানাডা। এবার ঘরের মাঠের আসরে বসনিয়ার সাথে ১-১ ড্রয়ে প্রথম পয়েন্ট পায় সহ-আয়োজক দলটি।
তবে দ্বিতীয় ম্যাচে কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে পায় প্রথম জয়ের স্বাদ। আর এবার তৃতীয় ম্যাচে হেরে গেলেও পরের ধাপে জায়গা করে নিল জেসি মার্শের দল। যা স্বাগতিকদের বড় পাওয়া।
ভ্যাঙ্কুভারে বুধবার জমজমাট লড়াই হয়েছে দু’দলের মাঝে। তবে একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও প্রথমার্ধে কোনো গোল আসেনি। সব গোল হয়েছে দ্বিতীয়ার্ধে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই এগিয়ে যায় সুইজারল্যান্ড। ইয়োহান মানজাবির পাস দেয়া বল এমবোলো নাগাল না পেলেও সুযোগ পেয়ে নিচু শটে জালে পাঠান রুবেন ভার্গাস।
৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। এবার এমবোলোর পাস বক্সে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন মানজাবি। বল হাতে লাগলেও আটকাতে পারেননি গোলরক্ষক।
২-০ গোলে এগিয়ে যাওয়ার পর খানিকটা গতি কমে আসে সুইসদের। এই সুযোগে ৭৫ মিনিটে ব্যবধান কমায় কানাডা। বদলি নেমে পরের মিনিটেই চমৎকার গোল করেন প্রমিস ডেভিড। স্কোর হয় ২-১।
সমতা টানার বেশ কয়েকটি সুযোগ পায় কানাডা। কিন্তু সেই সুযোগ আর কাজে লাগাতে পারেনি বিশ্বকাপের সহ–আয়োজক দেশটি।