
কক্স২৪নিউজ ডেস্ক।
টেস্ট সিরিজে পাকিস্তানকে হারিয়ে বিজয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার গণমাধ্যমে পাঠানো অভিনন্দনবার্তয় তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয়লাভ করে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে আমি ও আমার দল এবং দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, মিরপুরের পর সিলেটেও আমাদের ক্রিকেট দল যে অসাধারণ ও দুর্ভেদ্য কৃতিত্ব দেখিয়েছে, তা সমগ্র জাতিকে এক অনন্য গৌরব এনে দিয়েছে। দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে এই ঐতিহাসিক সিরিজ জয় আমাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট ম্যাচ জয়ের এই রেকর্ড টাইগাদের অদম্য ইচ্ছাশক্তি ও সামর্থ্যেরই প্রমাণ বহন করে।
জামায়াত আমির বলেন, খেলার পঞ্চম দিনে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের সাহসী ও মেধাবী ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিপক্ষের কঠিন প্রতিরোধ ভেঙে আমাদের ক্রিকেটাররা যে লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ৭৮ রানের এই গৌরবময় বিজয় এবং অনবদ্য কৃতিত্ব দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে।
বিরোধীদলীয় নেতা বলেন, খেলাধুলায় এ ধরনের সাফল্য দেশের তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে। আমরা আশা প্রকাশ করছি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভবিষ্যতেও তাদের সাফল্যের এ ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।
তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।