
বন্যাকবলিত চট্টগ্রাম ও কক্সবাজারে আমীরে মজলিস মাওলানা মামুনুল হকের ত্রাণ কার্যক্রম অব্যাহত
কক্স২৪ নিউজ ডেস্ক।
চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। একই সঙ্গে তাঁর পরিচালনায় তাগলীবে দ্বীন ফাউন্ডেশন (টিডিএফ) ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, রান্না করা খাবার, শুকনো খাবার ও অন্যান্য জরুরি সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
আজ (১৩ জুলাই, সোমবার) বিকেল ৪টায় মাওলানা মামুনুল হক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের চলমান ত্রাণ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, “এই দুর্যোগের সময়ও আপনারা একা নন। আমরা আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
পরবর্তীতে বিকেল ৬টায় তিনি বাঁশখালীর ছনুয়া বড় মাদরাসা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের প্রয়োজন ও সমস্যার কথা শোনেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের চলমান ত্রাণ কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো ইসলামী ও মানবিক দায়িত্ব। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনসমূহকে দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে, আমীরে মজলিসের তত্ত্বাবধানে পরিচালিত তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো খাবারের ফুড প্যাক বিতরণ করা হয়। আজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নের একটি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যার্তদের মাঝে রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হয়। একই দিনে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় পরিবারের মাঝেও শুকনো খাবার বিতরণ করা হয়।
পরিদর্শনকালে মাওলানা মামুনুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নাসিরুদ্দিন মুনির, মাওলানা মিজানুর রহমান মোল্লাসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।