
কক্স২৪নিউজ ডেস্ক।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ছাত্রদলের রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে সমালোচনা মূলক একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।
রোববার (১০ মে) বেলা পৌনে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও ছাত্রদল নিজেদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে।
ফেসবুক পোস্টে ফরহাদ বলেন, ইডেন কলেজের শিক্ষার্থীদের কাছে ছাত্রদলের ‘পুরোনো আমলনামা’ পরিচিত বিষয়। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সংগঠনটি নিজেদের সংশোধন না করে বরং আগের ধারার রাজনীতিই অব্যাহত রেখেছে বলে দাবি করেন তিনি।
ডাকসু জিএস অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে সাংগঠনিক কাঠামো গড়ে তুলে ছাত্রদল চাঁদাবাজি, খুন, ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এর ফলে পুরো ছাত্ররাজনীতি কলুষিত হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ভীতসন্ত্রস্ত শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসে ক্যাম্পাসে রাজনীতির বিরুদ্ধে স্লোগান তুলছে।
ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় এই নেতা বলেন, শিক্ষার্থীদের ‘দাস বানানোর প্রকল্প’ থেকে সরে এসে সংগঠনকে নতুনভাবে সাজাতে হবে। পাশাপাশি সাংগঠনিক কর্মসূচিগুলো শিক্ষার্থীদের কল্যাণমুখী ও সময়োপযোগীভাবে পুনর্গঠনের পরামর্শ দেন তিনি।
পোস্টের শেষাংশে ফরহাদ সতর্ক করে বলেন, সময় পেরিয়ে গেলে আর সুযোগ পাবেন না।