
মোহাম্মদ রাশেদ, চকরিয়া উপজেলা প্রতিনিধি।
কক্সবাজারের চকরিয়া উপজেলার অভ্যন্তরীণ বরইতলী বানিয়ারছড়া কুতুব বাজার সড়কের হারবাংছড়া বেইলি ব্রিজের কয়েকটি স্থানে পাতাতন ভেঙে বিশাল আকারের ফুটো হয়ে গেছে। ফলে এ ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এ জরাজীর্ণ ব্রিজটির কোন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। আবার কোন কোন সময় ব্রিজের পাতাতনের ফুটোতে আটকে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে ছোট বড় অনেক যানবাহন।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে সড়ক ও জনপদ বিভাগ গুরুত্বপূর্ণ এ সড়কের হারবাংছড়া বেইলি ব্রিজের পুরাতন পাতাতনগুলো মেরামত না করায় পর্যায়ক্রমে এ বেহাল দশা সৃষ্টি হয়েছে। আগামী বর্ষা মৌসুমেও যদি ব্রিজটির এ অবস্থা অব্যাহত থাকে তাহলে যে কোন বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়ে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকউজ্জামান বলেন, বরইতলী ইউনিয়নের হারবাংছড়া খালের এ বেইলি ব্রিজটি সড়ক ও জনপদ বিভাগ দীর্ঘ কয়েক যুগ পূর্বে নির্মাণ করলেও পরবর্তীতে তেমন কোন উল্লেখযোগ্য সংস্কার কাজ করেনি। ফলে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলের কারণে বর্তমানে ব্রিজটির বিভিন্ন অংশের পাতাতন ভেঙে যায়। আবার কয়েকটি স্থানে পাতাতন খুলে গিয়েও মাঝখানে ফুটো হয়ে গেছে। যে কারণে সেতুটি কাঠামোগতভাবেও দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থায় যাত্রীবাহী গাড়ি ও পণ্যবাহী যানবাহন চলাচলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, প্রতিদিন এই ব্রিজ দিয়ে বরইতলী ইউনিয়ন ছাড়াও দূর-দূরান্তের অসংখ্য মানুষ বিভিন্ন যানবাহনে করে চলাচলের পাশাপাশি পণ্যবাহী গাড়িও চলাচল করে। সাম্প্রতিক সময়ে সড়কটির সংস্কার কাজ হলেও সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতার কারণে জরাজীর্ণ এ ব্রিজটির মেরামত কাজ বন্ধ রয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকউজ্জামান।
এলাকাবাসী জানায়, বরইতলী বানিয়ারছড়া কুতুববাজার সড়কের হারবাংছড়ার এই বেইলি ব্রিজটির পাতাতন খুলে যাওয়ার কারণে চলাচলের ক্ষেত্রে গাড়ির গতি কমাতে হয়। সেই সুযোগে সন্ধ্যার পর ডাকাত-ছিনতাইকারীরা যাত্রী ও পথচারীদের উপর হামলা পড়ে তাদের সর্বস্ব খুইয়ে নেয়। এ অবস্থায় বর্তমানে ওই ব্রিজ দিয়ে যাত্রী ও পথচারী জনগণের অবাধ চলাচল অনিরাপদ হয়ে পড়েছে। বর্তমানে ডাকাতির ভয়ে সন্ধ্যার পর ওই ব্রিজ দিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী যাত্রী সাধারণ দ্রুত সময়ে হারবাংছড়া খালের বেইলি ব্রিজের সংস্কার কাজ সম্পাদনের মাধ্যমে সড়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সড়ক ও জনপদ বিভাগ, পুলিশ প্রশাসন, ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের (চকরিয়া উপবিভাগের) সহকারী প্রকৌশলী মো. কুতুবউদ্দিন বলেন, গতবছরও বরইতলী ইউনিয়নের হারবাংছড়া বেইলি ব্রিজের ক্ষতিগ্রস্ত পাতাতনগুলোর সংস্কার কাজ করা হয়েছে। এখন দেখছি, সড়ক বিভাগ সেখানে যতগুলো পাতাতন নতুন ভাবে লাগিয়েছিল, সেগুলোর বেশিরভাগই চোরেরদল রাতের আঁধারে নিয়ে গেছে। আবার কিছু কিছু পাতাতন নষ্ট হয়ে ব্রিজের মাঝখানে ফুটো হয়ে গেছে। তিনি আরও বলেন, বিষয়টি সওজের জেলার নির্বাহী প্রকৌশলীকে অবহিত করে তার নির্দেশনার আলোকে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পাতাতনগুলো সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে।