
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার বরইতলী ইউনিয়নের বিভিন্ন প্লাবিত ও ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ও বানভাসি মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। এ সময় আরো উপস্থিত ছিলেন বরইতলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার।
ত্রাণ বিতরণকালে সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, “ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে সরকার ও উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। কোনো পরিবার যেন খাদ্যাভাবে না ভোগে, সেজন্য আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলার প্রতিটি ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যায়ক্রমে এই ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।”
এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া দুর্গত এলাকার মানুষ প্রশাসনের এই তাৎক্ষণিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।