
কক্স২৪ নিউজ ডেস্ক।
গত ১৭ বছরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে বঞ্চনা ও বৈষম্যের শিকার কর্মকর্তাদের স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত অবসরপ্রাপ্ত, অপসারণকৃত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো ১৫০ জন সামরিক কর্মকর্তাকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন কর্মকর্তাকে এসব সুবিধা দেওয়া হবে। এতে তাদের স্বাভাবিক অবসর ও ভূতাপেক্ষ পদোন্নতির পাশাপাশি বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া ক্ষেত্রবিশেষে বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়ার কথাও বলা হয়েছে।
তালিকায় সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীও রয়েছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে ২০০৯ সালের ২৪ জুন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। নতুন সিদ্ধান্তে তাকে ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে কার্যকর ধরে মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি এবং ২০১৪ সালের ২৬ ডিসেম্বর থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে অবসর দেওয়া হয়েছে।
এছাড়া তিনি নির্ধারিত বকেয়া বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধার পাশাপাশি ১ কোটি টাকার বিশেষ আর্থিক প্রণোদনা পাবেন। বয়স ও যোগ্যতা অনুযায়ী তাকে যেকোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পুনর্নিয়োগের সুযোগও রাখা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।