
কক্স২৪ নিউজ ডেস্ক।
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জুলাই আমাদের জাতীয় চেতনা ও সংহতিকে ঐক্যবদ্ধ করেছিল, যা এখনো আমাদের মাঝে অম্লান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীন ভূখণ্ড পেয়েছি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সেই ভূখণ্ডের সার্বভৌমত্ব আমরা ফিরে পেয়েছি। শত সহস্র তরুণ প্রজন্মের আত্মত্যাগ আমাদের কে ঋণী করে গিয়েছেন। আমরা জুলাই শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী ভাই-বোনদের কখনো ভুলে যেতে পারি না। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সাহসী যুবকের বাতিঘর শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে ফ্যাসিবাদ কে সেই দিন চ্যালেঞ্জ জানিয়েছিল। তাঁর বুকে বুলেট হজম করে এদেশের লাখো-কোটি তরুণ প্রজন্ম কে দেশপ্রেম, সততা ও মানবিকতার প্রেরণায় উজ্জীবিত করেছিল। প্রাণে-প্রাণে সাহস জুগিয়ে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করেছিল। তাঁর সাথে শহীদ ওয়াসিম, শান্ত সহ আজকের দিনে ৬ জন তরুণ জীবন উৎসর্গ করে সার্বভৌম বাংলাদেশের বীজ বপন করেছিল। আমরা সকল শহীদদের অবদান, আত্মত্যাগ ও সাহসিকতা শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং মহান আল্লাহর কাছে তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি। তিনি আরো বলেন, জুলাই শহীদদের আত্মা ত্যাগের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক ও জয়হীন দেশ পেয়েছি। কিন্তু ফ্যাসিবাদ পুরোপুরি মুছে যায়নি। এখনো ফ্যাসিবাদী কাঠামোতে সরকার দেশ পরিচালনা করছে। জুলাই সনদের আলোকে অনুষ্ঠিত গণভোটের রায় এখনো বাস্তবায়ন করা হয়নি। যা দেশের জনগণ ও তরুণ প্রজন্ম কে হতাশ করছে । জুলাই আন্দোলন শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য হয়নি, বরং দেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন হয়েছিল। আমরা সরকার কে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করে শহীদের রক্তের বদলা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
১৬ জুলাই বিকাল সাড়ে ৪ টায় কক্সবাজার শহর জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর উপরোক্ত কথাগুলো বলেন। শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। শহর সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদ, সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, কর্মপরিষদ সদস্য রফিকুল্লাহ মুকুল প্রমুখ।