
কক্স২৪ নিউজ ডেস্ক।
গত পাঁচ দিনের টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়া, মাতামুহুরি ও পেকুয়া উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সেই মানুষগুলোর মাঝে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াত নেতা আবদুল্লাহ আল ফারুক।
বৃহস্পতিবার (৯ জুলাই) পাহাড়ধসে নিহত পরিবার ও পানিবন্দী অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করেন তিনি।
জামায়াত নেতা ফারুক চকরিয়া ও পেকুয়ার বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
কক্সবাজার শহর জামায়াতের আমির ও সাবেক ছাত্র নেতা আবদুল্লাহ আল ফারুক পেকুয়ার টৈটং ইউনিয়নে পাহাড়ধসে নিহত শিশু মিনহাজ উদ্দীনের মা-বাবার কাছে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া বরইতলী ইউনিয়নে পাহাড়ধসের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরির বিস্তীর্ণ এলাকার পানিবন্দীদের মাঝে শুকনো খাবার, ওষুধ ও প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানে সরকার, প্রশাসন এবং সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি জামায়াতের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদেরও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশর, পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা এ এইচ এম বদিউল আলম জিহাদী প্রমুখ।