
কক্স২৪ নিউজ ডেস্ক।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করেছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
রোববার (৭ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ সময় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ বাংলাদেশের ধর্মমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ তুলে দেন।
প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করতে হবে এবং আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে।
এছাড়া ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে। হজযাত্রী বহনকারী ফ্লাইট শুরু হবে ৮ এপ্রিল থেকে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
রোডম্যাপে আরও উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন সেবার ব্যয় বাবদ অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তরের কার্যক্রম চলবে ২০২৬ সালের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
নুসুক মাসার ব্যবস্থার আওতায় তাঁবু, আবাসন, ক্যাটারিং, পরিবহনসহ বিভিন্ন সেবা প্যাকেজ গ্রহণের জন্য চুক্তি স্বাক্ষর শুরু হবে ২৯ জুলাই ২০২৬ এবং শেষ হবে ২৩ জানুয়ারি ২০২৭। একইসঙ্গে হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ১৪ আগস্ট ২০২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৭-এর মধ্যে।
হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং নুসুক মাসারে প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ঘোষিত সময়সূচি অনুযায়ী হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে নির্ধারিত সময়সীমার মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।