
কক্স২৪ নিউজ ডেস্ক।
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী থানার কোনাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলম (পিতা: সাহাব উদ্দিন) গতকাল রাত থেকে নিখোঁজ রয়েছেন। একটি রহস্যময় ফোন কলের সূত্র ধরে তিনি বাড়ির পাশের একটি ব্রিজে দেখা করতে গেলে এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল আনুমানিক রাত ১০টার দিকে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। ফোনকারী নিজেকে স্থানীয় একজন মেম্বার পরিচয় দিয়ে জাহাঙ্গীর আলমকে তাদের বাড়ির নিকটবর্তী একটি ব্রিজে দেখা করতে বলেন। বিষয়টি স্বাভাবিক মনে করে জাহাঙ্গীর আলম স্ত্রীকে জানান, তিনি পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসবেন। এরপর তিনি ওই ব্যক্তির সাথে দেখা করতে বাড়ি থেকে বের হন।
কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রাতভর খোঁজাখুঁজি চালিয়েও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।
পরিবারের দাবি, জাহাঙ্গীর আলম শারীরিক ও মানসিকভাবে সুস্থ একজন ব্যক্তি এবং তার নিখোঁজ হওয়ার পেছনে কোনো রহস্য থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং দ্রুত তাকে খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
যদি কোনো সহৃদয় ব্যক্তি জাহাঙ্গীর আলমের খোঁজ পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে: ০১৮৯৭১৮৮৭২৯।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ, পোস্টটি শেয়ার করে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সহায়তা করুন।