
শেখ আহমদ মিরাজ চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাসার ছাদে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর দাশ (২৪) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজারসংলগ্ন দক্ষিণ পোমরা হিন্দুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর দাশ উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার হিন্দু পাড়া রনি দাশের ছেলে। তিনি স্থানীয় পোমরা মডেল কেজি স্কুলের শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাসার ছাদে ময়লা ফেলতে যান অন্তর দাশ। এ সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য এলাকাবাসীর পক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত অন্তর দাশের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।