ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এবার প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক।

কক্স২৪নিউজ ডেস্ক।
সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আজ শুক্রবার মধ্যরাতে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। প্রথম ফ্লাইটটি রাত সাড়ে ১২টার দিকে ৪১৯ যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।
এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ প্রস্তুতি।
সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, আগামীকাল শনিবার মোট ১৪টি ফ্লাইট রয়েছে। এর মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, চারটি সৌদি আরবের সাউদিয়া এবং চারটি ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করবে। ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনে যাবেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এবার প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক।
প্রি-হজ ফ্লাইট মোট ২০৭টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।