
মোঃ বজলুর রহমান, স্টাফ রিপোর্টার।
টানা ভারী বর্ষণে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।
রোববার (১২ জুলাই) দুর্গত এলাকা পরিদর্শন করে পানিবন্দি অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, টানা বর্ষণে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক মানুষ দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো পানিবন্দি মানুষ যাতে খাদ্যসংকটে না পড়েন, সে লক্ষ্যে সরকারি সহায়তা দ্রুত তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, আকস্মিক বন্যায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউপি সদস্যদের সমন্বয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
ত্রাণসামগ্রী পেয়ে পানিবন্দি পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।