
কক্স২৪ নিউজ ডেস্ক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরের পর ভোটগ্রহণ শুরু হবে। সন্ধ্যা ৬টার দিকে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হতে পারে। এরপর নবনির্বাচিত পরিচালকদের প্রথম সভায় বিসিবির সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচিত হবেন।
বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে ২৩ জন নির্বাচিত এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুজন পরিচালক থাকবেন। ২৩ নির্বাচিত পরিচালকের আটজন ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবার ১৯২ কাউন্সিলরের বিপরীতে জমা পড়ে ১৮৪টি কাউন্সিলরশিপ। কুমিল্লা, মুন্সীগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থাসহ কয়েকটি প্রতিষ্ঠান কাউন্সিলরশিপ জমা দেয়নি।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হন ১০ পরিচালক। এর মধ্যে সাতজন ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদীন ও মঈন উদ্দিন চৌধুরী, সিলেট থেকে আবদুল কাইয়ুম চৌধুরী, ঢাকা থেকে সাইদ বিন জামান ও এসএম আবদুল্লাহ আল ফুয়াদ, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর থেকে মির্জা ফয়সল আমীন নির্বাচিত হয়েছেন।
এই ক্যাটাগরিতে কেবল খুলনা ও বরিশাল বিভাগে ভোট হচ্ছে। খুলনায় ১১ কাউন্সিলরের ভোটে দুই পরিচালক নির্বাচিত হবেন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম সুমিত ও মো. আব্দুছ সালাম। বরিশালে সাত কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন। এ পদের জন্য লড়ছেন মো. মিজানুর রহমান ও মো. মুনতাসির আলম চৌঐধুরী।
সবচেয়ে জমজমাট লড়াই হচ্ছে ক্যাটাগরি-২-এ। ঢাকার ৭৬টি ক্লাবের কাউন্সিলরদের ভোটে ১২ পরিচালক নির্বাচিত হবেন। ১২টি পদের বিপরীতে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ থেকে আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। বাকি দুই পরিচালক মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিসিবি কার্যালয়কে তিনটি জোনে ভাগ করা হয়েছে। জোন-১ ভোটকেন্দ্র এলাকা, যেখানে শুধু কাউন্সিলর ও অনুমোদিত ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন। জোন-২ থেকে ভোটাররা পরিচয়পত্র ও অ্যাক্রিডিটেশন কার্ড সংগ্রহ করবেন। জোন-৩ নির্ধারণ করা হয়েছে গণমাধ্যমকর্মীদের জন্য।
গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। ওই কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল।