
কক্স২৪নিউজ স্পোর্টস ডেস্ক।
নতুন ঘরের মাঠে জয়ের খোঁজ এখনো অধরাই রয়ে গেল ইন্টার মিয়ামির জন্য। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-২ গোলের ড্র করে টানা দ্বিতীয় ম্যাচেও সমতায় থামতে হলো মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়নদের। আর এই ড্রয়ের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি—মিস করা সুযোগ আর অফসাইডে বাতিল গোলের হতাশায়।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিল মিয়ামি। ৬ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে মেসির বাড়ানো বলে জার্মান বার্তেরামে গোল করতে ব্যর্থ হন। এরপর ১৪ মিনিটে পাল্টা আক্রমণে জর্জ রুভালকাবার গোলে এগিয়ে যায় নিউ ইয়র্ক।
পিছিয়ে পড়ার পর একাধিক সুযোগ তৈরি করেও গোল পেতে দেরি হয় স্বাগতিকদের। অবশেষে প্রথমার্ধের শেষ মুহূর্তে রদ্রিগো ডি পলের ক্রস থেকে মাতেও সিলভেত্তির গোলে সমতায় ফেরে মিয়ামি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিয়ামি। ৫৪ মিনিটে বার্তেরামের গোলে এগিয়ে যায় তারা, যেখানে পরোক্ষ ভূমিকা ছিল মেসির। তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৬ মিনিটে আদ্রি মেহমেতির গোলে আবারও সমতা ফেরায় নিউ ইয়র্ক।
শেষদিকে জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হয় মিয়ামিকে। একবার মেসির গোল অফসাইডের কারণে বাতিল হয়, আর যোগ করা সময়ে তার নেওয়া ফ্রি কিক দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক ইথান হোরভাথ।
ফলে নতুন স্টেডিয়ামে টানা দ্বিতীয় ম্যাচে ২-২ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো মিয়ামিকে। এর আগে অস্টিনের বিপক্ষেও একই ফল করেছিল তারা। তবে ইতিবাচক দিকও আছে—টানা ছয় ম্যাচ অপরাজিত ইন্টার মিয়ামি। সাত ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মেসির দল।