ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন এক আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিজয় অর্জিত হলে কোনো প্রকার বিজয় মিছিল বা উল্লাস না করে মহান আল্লাহর দরবারে সিজদাবনত হওয়ার জন্য নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন— মহান রাব্বুল ইজ্জত একান্ত মেহেরবানীতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়—আমরা সবাই সিজদায় পড়বো। মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকলেও আমিরের এই বার্তা মূলত শান্ত ও সংযত থেকে পরিস্থিতি মোকাবেলা করার একটি কৌশলগত নির্দেশনা। বিশেষ করে ভোটের মাঠে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ও হামলার অভিযোগের মধ্যেই তিনি এই আধ্যাত্মিক ও বিনয়ী অবস্থানের কথা জানালেন।








