
কক্স২৪ নিউজ ডেস্ক।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ২০২৪-এর গণঅভ্যুত্থান বিষয়ক ‘অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব মিয়া গোলাম পরওয়ার।
১১ জুলাই ২০২৬ (শনিবার) বিকেল ৩:৩০ ঘটিকায় রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা অডিটোরিয়ামের ২য় তলায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ জাবের ইব্রাহিমের শ্রদ্ধেয় মা এবং মাননীয় সংসদ সদস্য রোকেয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ২০২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত ‘অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ’-এর উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং জুলাই সনদের দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধা এবং শহীদ পরিবারের বর্তমান দুর্দশার কথা তুলে ধরে তাদের যথাযথ পুনর্বাসন, সম্মান ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, শহীদদের রক্তের ঋণ পরিশোধের অন্যতম উপায় হলো জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা।