
কক্স২৪ নিউজ ডেস্ক।
ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় মহেশখালী পৌরসভার ঘোনাপাড়া, পুটিবিলা দাসিমাঝিরপাড়া এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত ওয়ার্ডে পানিবন্দী হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) মহেশখালী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান মাহমুদ ডালিম সরেজমিনে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. আবু জাফর মজুমদার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব সৌভ্রাত দাশ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পাশে থেকে পর্যায়ক্রমে খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের তদারকি জোরদার থাকবে বলেও সংশ্লিষ্টরা জানান।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত পানি নিষ্কাশন ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।