
কক্স২৪ নিউজ ডেস্ক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ কক্সবাজারে টানা বৃষ্টির কারণে পাহাড়ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, “পাহাড়ধসে এতগুলো নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি বলেন, কক্সবাজারে পাহাড় কাটা, বন উজাড়, অপরিকল্পিত বসতি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসের কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। পাহাড় ও পরিবেশ রক্ষায় আইনের কঠোর প্রয়োগ, অবৈধ পাহাড় কাটা বন্ধ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
ড. হামিদ আযাদ আরও বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান ছাড়া এ ধরনের মানবিক বিপর্যয়ের ঝুঁকি পুরোপুরি কমানো সম্ভব নয়। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।
তিনি সরকারের প্রতি নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক সহায়তা, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং কক্সবাজারসহ দেশের পাহাড়ি এলাকায় দুর্যোগপূর্ব সতর্কতা, ঝুঁকিপূর্ণ বসতি অপসারণ ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।