
কক্স২৪ নিউজ ডেস্ক।
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমদ আজ তেহরানে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মাননীয় মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন।
ইরানের সর্বোচ্চ নেতা মরহুম আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা উপলক্ষে ইরানে আগত বাংলাদেশ স্পিকার ও তাঁর প্রতিনিধিদলকে স্পিকার গালিবাফ আন্তরিকভাবে স্বাগত জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মরহুমের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানান। তিনি এই জাতীয় শোকের সময়ে ইরান সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সংহতি প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ইরান ও বাংলাদেশের মধ্যে শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক বন্ধন ও জনগণের পারস্পরিক সম্পর্ক বিদ্যমান।
স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে তিনি সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক (MoU)-এর কথা উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে, এই চুক্তি ইরানের জনগণ ও সমগ্র অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে। তিনি চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং সকল পক্ষকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিদ্যমান সমস্যার টেকসই সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।
স্পিকার গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।
স্পিকার হাফিজ উদ্দিন গতকাল তেহরানে পৌঁছান এবং রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাঈ।
সূত্র: বাসস