
শেখ আহমদ মিরাজ স্পোর্টস সম্পাদক।
২০২৬ ফিফা বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই মিলল মহানাটকীয়তার আভাস। ফিফা র্যাঙ্কিংয়ের ৭ নম্বরে থাকা শক্তিশালী নেদারল্যান্ডসকে তাদেরই ঘরের মাঠে স্তব্ধ করে দিয়েছে ২৮ নম্বরে থাকা আলজেরিয়া।
বুধবার রাতে ডি কুইপ স্টেডিয়ামে আলজেরিয়ার জয় ১-০ গোলে। ম্যাচের শেষ মুহূর্তে সফরকারীদের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন তরুণ উইঙ্গার আনিস হাজ মুসা।
ম্যাচের প্রথমার্ধে ডাচদের আক্রমণ সামলে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সফরকারীরা। ম্যাচের ৮৬ মিনিটে ডান প্রান্ত থেকে দুর্দান্ত গতিতে বক্সে ঢুকে কোণাকুণি শটে বল জালে জড়ান হাজ মুসা। এই গোলটিই আন্তর্জাতিক ফুটবলে এই উইঙ্গারের প্রথম গোল।
শেষ দিকে ডাচরা গোল শোধে মরিয়া হলেও আলজেরিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দেখায় ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে আলজেরিয়া।
আলজেরিয়ার জয়ে বড় অবদান ছিল গোলকিপার লুকা জিদানের। গত এপ্রিলে স্প্যানিশ ক্লাবের হয়ে খেলার সময় চোয়ালে গুরুতর চোট পাওয়া এই তারকা মুখে সুরক্ষামূলক ফেস মাস্ক পরে মাঠে নেমেছিলেন। পুরো ম্যাচে ডাচদের বেশ কয়েকটি নিশ্চিত গোল রুখে দেন জিদান।
ম্যাচ শেষে নিজেদের ঘরের মাঠে এমন হারে হতাশা প্রকাশ করেন ডাচ অধিনায়ক ভির্জিল ফন ডাইক। ডাচ টেলিভিশন এনওএস-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ ঘরের মাঠে বিদায়ী ম্যাচে আপনি কখনোই এমন ফল চাইবেন না। ম্যাচের গতি অনুযায়ী আমাদের অন্তত ২-০ গোলে এগিয়ে থাকা উচিত ছিল। আশা করি বিশ্বকাপের আগে আমাদের ফরোয়ার্ডদের ধার ফিরবে এবং সুযোগগুলো কাজে লাগাতে পারব।‘
বিশ্বকাপে অংশ নিতে বৃহস্পতিবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবে নেদারল্যান্ডস। সেখানে সোমবার উজবেকিস্তানের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলে কানসাস সিটির মূল ঘাঁটিতে যাবে তারা। ১৪ জুন ডালাসে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘এফ’-এর অভিযান শুরু করবে ডাচরা।
অন্যদিকে আগামী ১৬ জুন কানসাস সিটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘জে’-এর বিশ্বকাপ মিশন শুরু করবে আলজেরিয়া। তার আগে আগামী বুধবার বলিভিয়ার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে তারা।
রাতের আরেক ম্যাচে লুক্সেমবার্গকে ১-০ গোলে হারিয়েছে এবারের বিশ্বকাপে জায়গা না পাওয়া ইতালি। পোল্যান্ড এবং নাইজেরিয়ার ম্যাচ ড্র হয়েছে ২-২ ব্যবধানে। ডেনমার্ক ও ডি আর কঙ্গোর ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্য ব্যবধানে।