
কক্স২৪নিউজ ডেস্ক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, ক্ষমতার দম্ভে জুলাই চেতনা থেকে সরকারের বিচ্যুতি কারো জন্য কল্যাণকর হতে পারে না। তিনি আরও বলেন, একটি জাতির অগ্রযাত্রা তখনই টেকসই হয় যখন রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার, জবাবদিহিতা এবং জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করা হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসব মূল্যবোধ থেকে সরকারের বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য অশনিসংকেত।
মঙ্গলবার রাত ৯ টায় দেওয়ানবাজারস্থ বিআইএ মিলনায়তনে কোতোয়ালী থানার ত্রৈ-মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন জনগণের ভোটাধিকার, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সকল রাজনৈতিক শক্তির দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। তিনি অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে তিনি জনগণকে সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানান।
মুহাম্মদ শাহজাহান আরও বলেন, নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব ছাড়া কোনো সমাজে স্থায়ী শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন এবং ব্যক্তিজীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতার চর্চা করার আহ্বান জানান।
তিনি সংগঠনের রুকনদের উদ্দেশ্যে বলেন, তাদের ওপর অর্পিত দায়িত্ব শুধু সাংগঠনিক কার্যক্রমে সীমাবদ্ধ নয়; বরং সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য আদর্শিক দৃষ্টান্ত স্থাপন করাও আমাদের কর্তব্য। তিনি আগামী ৪-১৮ মে কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষের পূর্ব প্রস্তুতিসহ কার্যক্রম জোরদার করা, এবং মানুষের মাঝে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরা এবং সমাজের অবক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য কোতোয়ালী থানা আমীর আমির হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোস্তাক আহমদে সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. আ ম ম মসরুর হোসাইন, থানা নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের এবং আহমদ রশিদ আমু, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদাউস, সাইয়েদ মোহাম্মদ আলী, নুরুল কবীর, নাজিম উদ্দীন, এডভোকেট আনোয়ার সাদত, এডভোকেট এহতেশামুল হক, একরামুল হক প্রমুখ।