
কক্স২৪ নিউজ স্পোর্টস ডেস্ক।
৪৮ দলের আসর শেষে বিশ্ব চ্যাম্পিয়ন পেয়ে গেছে ফুটবল। লম্বা এ জার্নিতে শুধু সেরা কয়েকটি দলই নয়, অংশ নেওয়া সব দলই পাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়া স্পেন পাচ্ছে ৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২০ কোটি টাকা (প্রতি ডলার প্রায় ১২১.৫ টাকা ধরে)।
শুধু দল নয়, স্পেনের খেলোয়াড়রাও পাচ্ছেন মোটা অঙ্কের অর্থ। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস–জানিয়েছে, চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারের ৪৫ শতাংশ খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ফলে ২৬ সদস্যের স্কোয়াডের প্রত্যেকে কর কাটার আগে প্রায় ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১১ কোটি ৪২ লাখ টাকা করে পাবেন।
এর আগে শুধু ফাইনালে ওঠার সুবাদেই প্রত্যেক খেলোয়াড়ের প্রাপ্য ছিল প্রায় ৫ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা।
অন্যদিকে, রানার্সআপ আর্জেন্টিনা পাচ্ছে ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১৩ কোটি টাকা। তবে এই অর্থ খেলোয়াড়দের মধ্যে কীভাবে বণ্টন করা হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০২৬ বিশ্বকাপে দলগুলোর প্রাইজমানি
চ্যাম্পিয়ন স্পেন: ৫১ মিলিয়ন ডলার ≈ ৬২০ কোটি টাকা
রানার্সআপ আর্জেন্টিনা: ৩৪ মিলিয়ন ডলার ≈ ৪১৩ কোটি টাকা
তৃতীয় ইংল্যান্ড: ৩০ মিলিয়ন ডলার ≈ ৩৬৫ কোটি টাকা
চতুর্থ ফ্রান্স: ২৮ মিলিয়ন ডলার ≈ ৩৪০ কোটি টাকা
৫ম-৮ম স্থান: ২০ মিলিয়ন ডলার ≈ ২৪৩ কোটি টাকা
৯ম-১৬তম স্থান: ১৬ মিলিয়ন ডলার ≈ ১৯৪ কোটি টাকা
১৭তম-৩২তম স্থান: ১২ মিলিয়ন ডলার ≈ ১৪৬ কোটি টাকা
৩৩তম-৪৮তম স্থান: ১০ মিলিয়ন ডলার ≈ ১২২ কোটি টাকা
সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপে পারফরম্যান্সভিত্তিক পুরস্কার হিসেবে ফিফা বিতরণ করছে ৭০৩ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৫৪১ কোটি টাকা। এছাড়া সব অংশগ্রহণকারী দেশের মধ্যে অতিরিক্ত ১৬৮ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৪১ কোটি টাকা) বণ্টন করা হবে, যা পারফরম্যান্সের ওপর নির্ভরশীল নয়।