
কক্স২৪ নিউজ স্পোর্টস ডেস্ক।
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ফুটবল বিশ্বকাপ। ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
ঘরের মাঠে শুভ সূচনার লক্ষ্যে মাঠে নেমেছিল মেক্সিকো। মাঠের খেলায়ও সেটির প্রমাণ দিল স্বাগতিকরা। মেক্সিকানদের একের পর এক আক্রমণে খেই হারিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। দু’দফা ভুল করে লাল কার্ড দেখল দুইবার। মেক্সিকোর জন্যও রেফারির পকেট থেকে বের হলো একবার লাল কার্ড। তিন লাল কার্ড দুই গোলের ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল মেক্সিকো।
আজ শুক্রবার (১২ জুন) মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে মেক্সিকো।
ম্যাচে অনেকটা একছত্র আধিপত্য দেখিয়েছে মেক্সিকো। পুরো ম্যাচে ৬১ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নিয়েছে তারা। যার ৪টি লক্ষ্যে ছিল। বিপরীতে, গোলের জন্য মাত্র ৩টি শট নিতে পারে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে লক্ষ্যে ছিল ২টি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে মেক্সিকো। একের পর এক আক্রমণে তারা দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগকে চাপে রাখে। ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিলেন রাউল হিমেনেস। তবে দারুণ সেভে সে যাত্রায় দক্ষিণ আফ্রিকাকে রক্ষা করেন গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস।
চার মিনিট পরে তিনি আর দলকে বাঁচাতে পারেননি উইলিয়ামস। ম্যাচের নবম মিনিটে গোল করে মেক্সিকোকে লিড এনে দেন হুলিয়ান কুইনোনেস। এই গোলেই তিনি ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে নাম লেখান।
দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ ভুল করে বসে। সেই সুযোগ কাজে লাগিয়ে বল পেয়ে যান কুইনোনেস। তিনি দ্রুত এগিয়ে গিয়ে গোলরক্ষকের ফাঁক দিয়ে শট নিয়ে বল জালে জড়িয়ে দেন। সঙ্গে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গ্যালারিতে। স্বাগতিক দর্শকেরা আনন্দে ভেসে মেতে ওঠেন।
গোল পেয়ে আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে মেক্সিকো। কয়েক দফা আক্রমণ হানে দক্ষিণ আফ্রিকার রক্ষণে। গোলের জন্য শটও নিয়েছিল স্বাগতিকরা। কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়ান গোলরক্ষক উইলিয়ামস। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মেক্সিকো।
বিরতি থেকে ফিরেও আক্রমণের ধারা বজায় রাখে মেক্সিকো। সেই আক্রমণ সামাল দিতে না পেরে ম্যাচের ৪৯তম মিনিটে ভুল করে বসেন দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার স্ফেফেলো সিথল। বক্সের বাইরে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ১০ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।
সেই সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় গোল আদায় করে নেয় মেক্সিকো। ম্যাচের ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রাউল।
দুই গোল হজম করে চাপে থাকা দক্ষিণ আফ্রিকার জন্য আরো বিপদ নেমে আসে ম্যাচের ৮৪তম মিনিটে। দলের দ্বিতীয় ফুটবলার হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন থেম্বা জোয়ানে। এতে নয়জনের দলে পরিণত হয়ে ম্যাচে ফেরার শেষ আশাটুকুও ফুরিয়ে যায় দক্ষিণ আফ্রিকার।
তবে ম্যাচের নাটকীয়তার তখনো বাকি। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে দক্ষিণ আফ্রিকা। এবার বক্সের সামনে ফাউল করেন মেক্সিকোর সেসার মন্তেস। আবারো পকেট থেকে লাল কার্ড বের করেন রেফারি। এবার ১০ জনের দলে পরিণত হয় মেক্সিকো।
তবে বাকি সময়ে আর গোল আদায় করে নিতে পারেনি কোনো দল। ফলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন স্বাগতিকরা।