
কক্স২৪নিউজ স্পোর্টস ডেস্ক।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্পটিফাই ক্যাম্প ন্যুতে বড় ধাক্কা খেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ঘরের মাঠে অ্যাটিলেটিকোর কাছে ২-০ গোলে হেরে গেছে হানসি ফ্লিকের শিষ্যরা, ফলে সেমিফাইনালে উঠতে এখন অ্যাটলেটির মাঠে কঠিন চ্যালেঞ্জের সামনে ইয়ামালরা।
প্রথমার্ধে বেশ কিছু ভালো সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে পারেনি কাতালানরা। তবে পুরো স্রোতের বিপরীতে যেয়ে ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধের শেষদিকে। ৪৪ মিনিটে শেষ ডিফেন্ডার হিসেবে জুলিয়ানো সিমিওনেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন পাও কুবার্সি। সেই ফাউল থেকেই পাওয়া ফ্রি-কিক থেকে ৪৫ মিনিটে দারুণ গোল করেন হুলিয়ান আলভারেজ, এগিয়ে যায় অ্যাটলেটিকো।
দ্বিতীয়ার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি বার্সা। একের পর এক আক্রমণ করেও প্রতিপক্ষের গোলরক্ষক হুয়ান মুসোকে পরাস্ত করতে পারেনি তারা।
উল্টো ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অ্যাটলেটিকো। ম্যাটেও রুগেরির নিখুঁত ক্রস থেকে আলেক্সান্ডার সোরলথ কাছ থেকে ভলিতে বল জালে জড়ান।
১০ জন নিয়েও ম্যাচে ৫৮ শতাংশ বল দখল ছিল বার্সার। শট নিয়েছে ১৮টি, যেখানে অ্যাটলেটিকোর শট মাত্র ৫টি। কিন্তু কার্যকারিতায় পার্থক্য গড়ে দেয় সিমিওনের দল, সুযোগ কাজে লাগিয়েই নিশ্চিত করে গুরুত্বপূর্ণ জয়।
শেষ দিকে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি বার্সা। বরং ম্যাচজুড়ে মুসোর একাধিক সেভ তাদের হতাশ করেছে।
এই জয়ে দ্বিতীয় লেগের আগে অনেকটাই এগিয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে ঘুরে দাঁড়াতে হলে পরের ম্যাচে বিশেষ কিছুই করতে হবে বার্সেলোনাকে।