
কক্স২৪নিউজ ডেস্ক।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াক আউট করেছেন বিরোধী দলের সদস্যরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ৫টা ৫৬ মিনিটে সংসদ থেকে ওয়াক আউট করেন তারা। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদের বৈঠকের সভাপতিত্ব করছিলেন।
ওয়াকআউটের আগে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চায় না। এ জন্য আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।’
এই ঘোষণা দেওয়ার পরই শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্লোর নিয়ে বলেন, ‘আমি ধন্যবাদ জানানোর জন্য উঠেছি। আইন প্রক্রিয়ার ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং সকল প্রক্রিয়ায় উনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও করেছেন। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াক আউটের কোনো মানে আছে কি না এটা জানার জন্য উঠেছি।’
বিরোধীদলীয় সংসদ সদস্যরা এর আগেও দুইবার সংসদ থেকে ওয়াক আউট করেন। রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে প্রথম দফা ওয়াক আউট করেছিলেন তারা। দ্বিতীয় দফা ওয়াক আউট করেছিলেন মূলত সংসদে তাদের উত্থাপিত দাবি ও আপত্তি উপেক্ষা করার প্রতিবাদে।