
কক্স২৪নিউজ ডেস্ক।
অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি সফল করতে দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৮ এপ্রিল) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’-কে আইনি ভিত্তি দিতে গণভোট অনুষ্ঠিত হয়। সেই গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার টালবাহানা ও ষড়যন্ত্র করছে, যা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা।
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেওয়া ৭০ শতাংশ নাগরিকের মতামত বাস্তবায়ন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য বদ্ধপরিকর। এজন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে এই জোট।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের অব্যবস্থাপনা ও দলীয় সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় সৃষ্ট জনভোগান্তির দায় তারা এড়াতে পারে না।
নাগরিক অধিকার আদায়ে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি সফল করতে সংগঠনের সকল স্তরের জনশক্তি এবং দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি।