
কক্স২৪নিউজ ডেস্ক।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, নতুন সরকারের প্রতি বিদেশিদের গভীর আস্থা রয়েছে। তারা সকলেই আমাদের সঙ্গে কাজ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা।
বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গতকাল থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তাদের কাছে আমাদের বৈদেশিক নীতির আউটলাইন বলেছি। আমরা বলেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। সবার ওপরে বাংলাদেশ।