
কক্স২৪নিউজ ডেস্ক।
সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দল যত তাড়াতাড়ি সংবিধান সংস্কার বিষয়ে বুঝবে, সংকট তত তাড়াতাড়ি কাটবে।’ তা না হলে আমাদের পথও খোলা, তাদের পথও খোলা। যদি না হয়, তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে—৭০ ভাগ মানুষ, আমরা তাদের সঙ্গে নিয়ে এই দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।
রোববার (২২ মার্চ) বেলা ১১টায় ঈদ-পরবর্তী সফরে এসে সিলেটে ভিআইপি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সার্কিট হাউস প্রাঙ্গণে বিরোধীদলীয় নেতাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সঙ্গে ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রতিশ্রুতিবদ্ধ, জনগণের কাছে আমরা যখন গেছি, দুইটা ভোট চেয়েছি— একটা গণভোট, আরেকটা আমরা চেয়েছি সংসদ নির্বাচনের ভোট। জনগণ তো দুটি ভোটই দিয়েছে। একটা হালাল হলে আরেকটা হারাম হবে কেন? আর একটা যদি হারাম হয়, তাহলে আরেকটা হালাল হয় কীভাবে?’
তিনি আরও বলেন, “আমরা জাতির সামনে কথা দিয়েছি, তারা গণভোটকে সমর্থন করেছেন। এখন যদি এটার বিরোধিতা করেন, এটা হবে খুবই দুঃখজনক। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। যদি এটা হয়, আলহামদুলিল্লাহ ভালো।’
“ঢাকা থেকে সড়কপথে সিলেটে আসার সময় বিভিন্ন স্থানে যখনই ভাঙায় পড়েছি, তখনই বলেছি ‘ওয়েলকাম টু সিলেট’” মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘সিলেট-ঢাকা সড়কের অবস্থা খুব নাজুক। বাস্তবে সড়কসহ নানা খাতে উন্নয়নের অভাব স্পষ্ট হয়ে উঠেছে । তিনি বলেন, ‘শুধু সড়ক নয়, সব খাতেই সিলেটের যেটুকু প্রাপ্য, সেটুকু নিশ্চিত করতে হবে। আমরা অতিরিক্ত কিছু চাই না, ন্যায্য অধিকারটাই চাই।’
তিনি আরও বলেন, ‘সিলেটের উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন। বিরোধী দল হিসেবে আমরা জনগণের পক্ষে দাবি তুলব, তবে বাস্তবায়নের দায়িত্ব সরকারের।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন। জনপ্রতিনিধিদের মাধ্যমেই জনগণের কাজ হওয়া উচিত, যাতে জবাবদিহি নিশ্চিত হয়।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর আলীর মুহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।