
কক্স২৪নিউজ ডেস্ক।
সারা দেশের সব মসজিদে পবিত্র রমজান মাসে খতমে তারাবি নামাজ একই পদ্ধতিতে আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটির জনসংযোগ শাখা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে দেশের সব মসজিদে অভিন্ন পদ্ধতি অনুসরণ করে খতমে তারাবি আদায়ের জন্য আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবিত পদ্ধতি অনুযায়ী, রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে মোট ৯ পারা এবং পরবর্তী ২১ দিনে প্রতিদিন ১ পারা করে তিলাওয়াতের মাধ্যমে খতমে তারাবি সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের প্রায় সব মসজিদে খতমে তারাবির সময় নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াতের প্রচলন থাকলেও কিছু ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। এতে কর্মজীবী ও বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের জন্য কোরআন খতমের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। ফলে অনেকের মধ্যে অপূর্ণতার অনুভূতি ও মানসিক চাপ তৈরি হয় এবং পূর্ণ খতমের সওয়াব থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।