
কক্স২৪নিউজ ডেস্ক।
সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজের জেলা কক্সবাজার সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী ৮ ও ৯ মার্চ দুই দিনের সরকারি সফরে তিনি কক্সবাজারে অবস্থান করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৮ মার্চ (রোববার) দুপুর ২টায় তিনি বাংলাদেশ সচিবালয় থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সড়কপথে রওনা দেবেন। পরে বিকেল ৩টা ৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবেন। একই দিন বিকেল ৪টা ১০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন।
সেখান থেকে সড়কপথে কক্সবাজার সার্কিট হাউজে যাবেন এবং সংক্ষিপ্ত সময় অবস্থান করবেন। পরে সন্ধ্যা ৭টায় তিনি কক্সবাজার থেকে পেকুয়ার উদ্দেশে রওনা দেবেন। রাত ৮টার দিকে পেকুয়ায় পৌঁছে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
পরদিন ৯ মার্চ (সোমবার) সকাল ১০টায় পেকুয়া থেকে আবার কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
দুপুর ২টায় তিনি কক্সবাজার সার্কিট হাউজ থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। পরে বিকেল ২টা ৪৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে গুলশানস্থ নিজ বাসভবনের উদ্দেশে রওনা দেবেন।
মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া স্বাক্ষরিত সফরসূচিতে জানানো হয়, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর।
