
কক্স২৪নিউজ ডেস্ক।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিট এ ভূমিকম্প অনুভূত হয়।
মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটে একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আশাশুনি, যা সাতক্ষীরা জেলায় অবস্থিত।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে জানান, এটি একটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম রাজ্যে।

তার আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মিয়ানমারের সীমান্ত অঞ্চলে সৃষ্ট ৫ দশমিক ১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার রাত ১০টা ৫১ মিনিটে অনুভূত এ কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২৯ কিলোমিটার গভীরে। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে ঘন ঘন এ কম্পন বড় কোনো দুর্যোগের পূর্বাভাস কি না, তা নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।