
উখিয়া উপজেলা প্রতিনিধি।
উখিয়া উপজেলায় শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, “শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। শহীদ ওসমান হাদি তাঁর জীবন উৎসর্গ করে আমাদের সামনে ত্যাগ, ধৈর্য ও দ্বীনের পথে অবিচল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। শহীদদের আদর্শ বুকে ধারণ করেই ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে হবে।”
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের পথে যত বাধাই আসুক না কেন, শহীদদের আত্মত্যাগ সেই আন্দোলনকে আরও শক্তিশালী ও বেগবান করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। তিনি শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে বলেন, “শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আদর্শ ও আত্মত্যাগ আমাদের ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণা জোগায়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পালংখালী ইউনিয়ন জামায়াতের আমীর আবুল আলা রোমান, ইউনিয়ন সেক্রেটারি আবদুর রহমান, জেলা শ্রমিক নেতা মুহাম্মদ শাহজাহান, স্থানীয় জামায়াত নেতা মাওলানা জমির আহমদ এবং মাওলানা গফুর উল্লাহ। বক্তারা শহীদ ওসমান হাদির সংগ্রামী জীবন ও দ্বীনি আন্দোলনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া মাহফিল শেষে বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নূরুল আমিন ছিদ্দিকী মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।