
মোঃ বজলুর রহমান, ঈদগাঁও উপজেলা প্রতিনিধি।
কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ইসলামাবাদ গজালিয়া রাজঘাট এলাকার একটি মাছের প্রজেক্ট থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গজালিয়া রাজঘাট এলাকায় মোস্তফা কামালের মালিকানাধীন একটি মাছের প্রজেক্টে প্রথমে মরদেহ পানিতে ভাসতে দেখা যায়। এমনতর খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ঘটনাস্থলের আশপাশে ভিড় জমায়।
স্থানীয় বাসিন্দা সোনা মিয়া জানান, মরদেহটি মূলত কামাল ও দিদারের মালিকানাধীন প্রজেক্ট এলাকায় পড়ে ছিল এবং লাশ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, মৃত ব্যক্তির গলা ও চোখের কাছে আঘাতের চিহ্ন দেখা গেছে।
মাছের প্রজেক্টের মালিক মোস্তফা কামাল বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকেই আমি বিষয়টি জানতে পেরেছি। তারা জানায়, আমার প্রজেক্টে একটি লাশ ভাসতে দেখা গেছে। তবে লাশটি কার এবং কীভাবে সেখানে এলো, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।