
শেখ আহমদ মিরাজ স্পোর্টস সম্পাদক।
২০২৬ বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হতেই বড়সড় ধাক্কা খেল আর্জেন্টিনা। চোটের কারণে আলবিসেলেস্তাদের তরুণ তুর্কি নিকো পাজের বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘দিয়ারিও ওলে’ জানিয়েছে, এই অ্যাটাকিং মিডফিল্ডারের বাঁ-হাঁটুর চোট লিওনেল স্কালোনির জন্য চরম অস্বস্তি ও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পাজের চোটের অবস্থা ও সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তাঁর মেডিকেল স্টাফ থেকে একজন অভিজ্ঞ চিকিৎসককে জরুরি ভিত্তিতে ইতালিতে পাঠাচ্ছেন। ‘দিয়ারিও ওলে’ জানিয়েছে, নিকো পাজের ক্লাব কোমো ও আর্জেন্টিনার মধ্যে এই মুহূর্তে বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে চলতি মৌসুমে অবিশ্বাস্য ছন্দে থাকা ২১ বছর বয়সী এই তারকা ইতালিয়ান সিরি-আ’তে ভেরোনার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান। চোটের তীব্রতার কারণে সবশেষ পার্মার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতেও মাঠে নামতে পারেননি।
কোমোর কোচিং স্টাফের পক্ষ থেকে পেশি কিংবা লিগামেন্টের গুরুতর কোনো চোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হলেও, শঙ্কা কাটছে না। ওলে-র প্রতিবেদন অনুযায়ী, নিকো পাজের বাঁ-হাঁটুর হাড়ে চোট লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আর মাত্র ২২ দিন পরই উত্তর আমেরিকায় গড়াতে যাচ্ছে ফুটবলের মহোৎসব। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেওয়ার দৌড়ে অন্যতম ফেভারিট নিকো পাজকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বিশ্বমঞ্চের ঠিক আগমুহূর্তে দলের এই ভবিষ্যৎ তারকার চোট আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনায় বড়সড় ধাক্কা দেবে কি না, এখন সেটাই দেখার বিষয়।
অবশ্য আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এর সাংবাদিক গ্যাস্টন এদুল জানিয়েছেন, আলবিসেলেস্তেদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আঘাতের ধরন দেখে যতটা খারাপ মনে হয়েছিল, পরিস্থিতি আসলে ততটা গুরুতর নয়। পাজ একদম ঠিক আছেন এবং খুব দ্রুতই মাঠে ফিরছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন।
কোমোর পরের ম্যাচেই খেলবেন নিকো পাজ। তিনি নিশ্চিতভাবেই আর্জেন্টিনা জাতীয় দলের রাডারে আছেন। যেভাবে আঘাতটা লেগেছিল তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারত, কিন্তু তিনি এখন ভালো আছেন।’
ইতালিয়ান সিরি-আ’তে রূপকথার মতো এক মৌসুম পার করছে কোমো, যার মূল কাণ্ডারি ও মাস্টারমাইন্ড তরুণ আর্জেন্টাইন প্লেমেকার নিকো পাজ। আগামী সপ্তাহে লিগের শেষ রাউন্ডের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে টেবিলের ৫ নম্বরে রয়েছে কোমো। ৩৭ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই তারা আগামী মৌসুমের ইউরোপা লিগ নিশ্চিত করে ফেলেছে। তবে ক্লাবটির মূল লক্ষ্য এখন শীর্ষ চারে থেকে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগের টিকিট কেটে ফেলা।
কোমোর এই ঐতিহাসিক পথচলায় নিকো পাজের ব্যক্তিগত পরিসংখ্যান এক কথায় অবিশ্বাস্য। ২০২৫-২৬ মৌসুমে লিগে ৩৩টি ম্যাচ খেলেছেন (যার মধ্যে ২৯টিতেই ছিলেন শুরুর একাদশে) এবং নিজে বল জালে জড়িয়েছেন ৬ বার। তবে শুধু গোল করাই নয়, মাঝমাঠের সর্তীথদের দিয়ে গোল করাতেই বেশি পটু তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭টি গোল (অ্যাসিস্ট)। এছাড়া পুরো মৌসুমে তাঁর পাসিং অ্যাকুরেসি ছিল ৮৪.১% এবং প্রতি ৯০ মিনিটে গড়ে ২.৪টি গোলের সুযোগ তৈরি করেছেন পাজ।
পরিসংখ্যানের এই দুর্দান্ত গ্রাফই নিকো পাজকে আর্জেন্টিনার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডের জন্য সবচেয়ে জুতসই বিকল্প হিসেবে দাঁড় করিয়েছে। বিশ্বমঞ্চে নিজেদের মুকুট ধরে রাখার মিশনে স্কালোনির জন্য স্কোয়াডের গভীরতা হবে সবচেয়ে বড় শক্তি। দীর্ঘ এই টুর্নামেন্টে অভিজ্ঞ ফুটবলারদের চোট বা ক্লান্তির সময়ে পাজের মতো একজন এলিট তরুণ প্রতিভাই পারেন দলের ভাগ্য বদলে দিতে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের জার্সিতে আরও একটি সোনালী তারা যোগ করার মিশনে এই পাজই হতে পারেন স্কালোনির অন্যতম সেরা ট্রাম্প কার্ড।
বিশ্বকাপের গ্রুপ পর্বেই বড় পরীক্ষার মুখে পড়তে হতে পারে আর্জেন্টিনাকে। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গ্রুপ ‘জে’ তে লিওনেল মেসি-জুলিয়ান আলভারেজদের পরের দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।