কক্স২৪ নিউজ ডেস্ক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান বলেছেন, “মেধা, যোগ্যতা ও সততার পরিবর্তে সর্বত্র দলীয়করণ প্রতিষ্ঠা করা হলে তা দেশ ও জাতির জন্য কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। রাষ্ট্র পরিচালনা, প্রশাসন, শিক্ষা, বিচার ও জনসেবাসহ প্রতিটি ক্ষেত্রে দলীয় বিবেচনার পরিবর্তে মেধা, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতাকে প্রাধান্য দিতে হবে। তাহলেই একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে।”
মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রাম নগরীর বিআইএ কনফারেন্স রুমে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বর্তমান বাস্তবতায় দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য আদর্শিক দৃঢ়তা, নৈতিক চরিত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও জনসম্পৃক্ততার কোনো বিকল্প নেই। দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব আরও বেড়েছে। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “সংগঠনের প্রতিটি কর্মসূচি পরিকল্পিতভাবে বাস্তবায়ন, কর্মীদের আদর্শিক মানোন্নয়ন, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।”
মুহাম্মদ শাহজাহান চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার প্রসঙ্গ তুলে বলেন, “এত বছর পরও চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান না হওয়া অত্যন্ত দুঃখজনক। প্রতি বর্ষা মৌসুমে নগরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পরও জনগণ কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত। কার্যকর পরিকল্পনা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে। চট্টগ্রামবাসী এই দীর্ঘস্থায়ী দুর্ভোগের অবসান চায়। তাই জলাবদ্ধতা নিরসনে দ্রুত, সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।”
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মাওলানা মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম, বান্দরবান জেলা আমীর মাওলানা এস এম আবদুছ ছালাম আজাদ, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন, কক্সবাজার জেলার নায়েবে আমীর মুফতি হাবিবুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস. এম. লুৎফর রহমান, বান্দরবান জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হক, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, কক্সবাজার জেলা সেক্রেটারি জাহেদুল ইসলামসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
সমাবেশে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় দায়িত্বশীলরা সাংগঠনিক লক্ষ্য বাস্তবায়নে ঐক্য, শৃঙ্খলা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত